চীনে তৈরি গাড়ি কানাডাতে বিক্রি করছে টেসলা

২৪ মে, ২০২৩ ১৬:৫৬  

কানাডার বাজারে চীনে প্রস্তুত করা টেসলার মডেল থ্রি ও মডেল ওয়াই বিক্রি করছে কোম্পানিটি। ইতিমধ্যে সাংহাই কারখানা থেকে উত্তর আমেরিকায় পৌঁছে গেছে প্রথম চালান। খবর রয়টার্স।

টেসলার ওয়েবসাইট অনুসারে, মডেল ওয়াই ও মডেল থ্রি গাড়ি ব্রিটিশ কলম্বিয়ায় দ্রুত সরবরাহের জন্য প্রস্তুত। কোডে দেখা যাচ্ছে গাড়িগুলো সাংহাইয়ের গিগাফ্যাক্টরিতে উৎপাদিত।

টেসলার চীন প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য জানানো হয়নি। চীনের কারখানায় গাড়ি উৎপাদনে কোম্পানিগুলোর ব্যয় সাধারণত কম হয়। চীনে প্রস্তুতকৃত মডেল ওয়াইয়ের দাম কানাডায় ৬১ হাজার ৯৯০ কানাডিয়ান ডলার।

টেসলার এ পদক্ষেপের ফলে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের কারখানায় উৎপাদিত গাড়িগুলোকে যুক্তরাষ্ট্রের বাজারে রাখার সুযোগ তৈরি করে দেবে। একই সঙ্গে সাংহাই কারখানার জন্য উন্মুক্ত হবে নতুন আরেকটি বাজার। গত বছর টেসলার মোট উৎপাদনের অর্ধেকই তৈরি হয়েছে সাংহাই কারখানায়।

টেসলার সাংহাই কারখানা থেকে প্রস্তুতকৃত গাড়ি চীনের অভ্যন্তরে ও অন্যান্য দেশের বাজারে বিক্রি হয়। সম্প্রতি ইভির বাজারে টেসলা চীনে প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে।

ডিবিটেক/বিএমটি